যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের গোপন সামরিক আলোচনা ফাঁস হয়েছে। এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ ‘সিগন্যাল’-এ ইয়েমেনে মার্কিন হামলা পরিকল্পনা নিয়ে আলোচনার তথ্য এক সাংবাদিকের নজরে আসে। মঙ্গলবার (২৫ মার্চ) সিএনএন-এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ হতে দেখা যায়।
ভুলে যুক্ত হওয়া সাংবাদিক, ফাঁস গোপন তথ্য-
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা পরিচালনার সমন্বয় করতে সরকারি কর্মকর্তাদের জন্য একটি চ্যাট গ্রুপ তৈরি করেছিলেন। তবে ভুলক্রমে ওই গ্রুপে যুক্ত হয়ে যান সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। ‘হুতি পিসি স্মল গ্রুপ’ নামে ওই গ্রুপে শীর্ষ মার্কিন কর্মকর্তারা সামরিক অভিযানের সময়সূচি, লক্ষ্যবস্তু ও অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন, যা সাধারণত ক্লাসিফায়েড সরকারি চ্যানেলে সীমাবদ্ধ থাকার কথা।
চ্যাট গ্রুপের সদস্যদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ আরো অনেকে।
সেনা অভিযানের সময় গোপন বার্তা-
গত ১৫ মার্চ, যখন মার্কিন বাহিনী ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তখন গ্রুপে মাইক ওয়াল্টজ লিখেন, ‘অসাধারণ কাজ!’- এর সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকা, মুষ্টিবদ্ধ হাত ও আগুনের ইমোজিও পাঠান। অন্যান্য কর্মকর্তারাও এতে সাড়া দেন।
নিরাপত্তা ঝুঁকি ও তদন্তের দাবি-
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একজন বহিরাগত যদি এ ধরনের সংবেদনশীল চ্যাটে প্রবেশ করতে পারেন, তবে এটি প্রশাসনের বড় ব্যর্থতা। একই সঙ্গে সরকার নির্ধারিত সুরক্ষিত যোগাযোগ চ্যানেল ব্যবহার না করাও গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘন বলে আশঙ্কা করা হচ্ছে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার বলেন, ‘এই প্রশাসন গোপন তথ্য ব্যবস্থাপনায় দায়িত্বহীন আচরণ করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’ হাউস আর্মড সার্ভিসেস কমিটির ডেমোক্র্যাট সদস্য ক্রিস ডেলুজিও এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।
রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকনও সমালোচনা করে বলেন, ‘এ ধরনের স্পর্শকাতর তথ্য অনিরাপদ প্ল্যাটফর্মে শেয়ার করা মোটেও উচিত হয়নি। রাশিয়া ও চীন অবশ্যই এসব নজরদারিতে রেখেছে।’
ট্রাম্পের অজ্ঞতা, হোয়াইট হাউসের সাফাই-
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অজ্ঞতার ভান করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না।’ তবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও তার টিমের পক্ষে অবস্থান নিয়েছে।

