লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শহর সাইদা প্রতি বছর রমজান মাসে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রাচীন এই শহরজুড়ে রমজানের প্রতিটি রাত হয়ে ওঠে এক উৎসবমুখর আয়োজন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরাও এই পরিবেশ উপভোগ করতে ভিড় জমায়।
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সাইদা শহর রমজানে পরিণত হয় এক বর্ণিল সাংস্কৃতিক কেন্দ্রে। এই মাসে শহরজুড়ে আয়োজিত হয় বিভিন্ন শিল্প প্রদর্শনী, ঐতিহ্যবাহী সংগীত সন্ধ্যা ও ধর্মীয় প্যারেড। দক্ষিণ লেবাননের চলমান অস্থিরতা সত্ত্বেও, সাইদা তার ঐতিহ্য ধরে রেখে প্রতিবছরের মতোই আড়ম্বরপূর্ণভাবে রমজান উদযাপন করছে। শহরের বিভিন্ন এলাকায় ‘কাহাওয়াতি’ বা ধর্মীয় গল্প বলার আয়োজন, ‘মাসহেরাতি’- সাহরির সময় ঢাক বাজিয়ে মানুষ জাগানোর প্রথা এবং লোকজ সংগীত পরিবেশন রমজানের আনন্দ আরো বাড়িয়ে তোলে।
সাইদা শহরে শতাব্দী প্রাচীন গল্প বলার ঐতিহ্য ‘হকওয়াতি’ এখনো জীবিত। সাঈদদীন আবু সুলতানিয়া নামের এক অভিজ্ঞ গল্পকথক রমজানে তার চমৎকার কাহিনিগুলো শোনান- যা শহরের ঐতিহ্যকে জীবন্ত রাখে। তিনি জানান, আগে পরিবার থেকে গল্প শোনা ও তা পরবর্তী প্রজন্মকে শোনানোর প্রচলন ছিল, যা বর্তমানে কমে এলেও রমজান মাসে আবারও নতুন করে প্রাণ পায়। বিশেষত: তিনি আবলা ও আন্তারের মহাকাব্যিক কাহিনি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
দক্ষিণ লেবাননের মুসলিম স্কাউটস অ্যাসোসিয়েশন ‘দাহর আল-মির’ চত্বরে প্রতিদিন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে। এতে স্থানীয় কারিগর ও মিষ্টান্ন প্রস্তুতকারীদের বিশেষ সম্মান জানানো হয়। স্কাউট কমিটির প্রতিনিধি রামি বাশাশা বলেন, আমরা ছয় বছর ধরে এই আয়োজন করছি। ধর্মীয় গান, পুরোনো দিনের সংগীত ও শেরবাদ উপভোগের মাধ্যমে শহরের মানুষ একত্রিত হয়, যা তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয়। বর্তমান কঠিন সময়ে এই ধরনের আয়োজন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাইদার পুরনো শহরের সবচেয়ে বড় পাবলিক স্কয়ার ‘বাব আল-সারাই’ রমজান মাসে আলো ও ফানুসে সাজানো হয়। ঐতিহাসিক এই স্থান দর্শনার্থীদের জন্য হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয় পিঠা, মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী খাবার বিক্রির পাশাপাশি শিশুদের জন্য থাকে বিভিন্ন খেলনার আয়োজন। এটি ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র হিসেবে কাজ করে।
লেবানন বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তবে সাইদা শহর তার সংস্কৃতি, ঐতিহ্য এবং রমজানের উৎসবমুখর পরিবেশের মাধ্যমে মানুষকে কিছুটা হলেও আনন্দ ও স্বস্তির অনুভূতি উপহার দিচ্ছে।

