সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা চলাকালেই ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৪ মার্চ) চালানো এই হামলায় ১৪ শিশুসহ অন্তত ৬৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ ঘটনাকে ‘কপটতা’ বলে অভিহিত করে বলেন, শান্তি আলোচনা নিয়ে ফাঁপা বিবৃতি দেওয়ার পরিবর্তে রাশিয়াকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে।
রুশ হামলায় সুমির আবাসিক ভবন, একটি স্কুল ও একটি হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাশিয়া আবারও প্রমাণ করলো যে তারা সন্ত্রাসবাদ চালিয়ে যেতে চায়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।
এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা ১২ ঘণ্টার বৈঠকে বসেছেন। বৈঠকটি মূলত ২০২২ সালের শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার ওপর কেন্দ্রিত ছিল। এই চুক্তির আওতায় ইউক্রেন কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে পণ্য রপ্তানির অনুমতি পায়, আর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে তাদের সার রপ্তানি সহজতর করতে চায়।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার আলোচনার ফলাফল নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হতে পারে।
এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

