পাকিস্তান থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি. খোরেভ। তিনি স্পষ্টভাবে জানান, ইউক্রেন-রাশিয়া সংঘাতে পাকিস্তানের কোনো ভূমিকা থাকার প্রমাণ পাওয়া যায়নি।
পেশোয়ারে দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এ ধরনের কোনো অস্ত্র সরবরাহের সত্যতা খুঁজে পাইনি। এটি শুধুই অপপ্রচার।’
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় খোরেভ স্বীকার করেন, আফগানিস্তানে জঙ্গিবাদ দমনে নেওয়া উদ্যোগ যথেষ্ট নয়। তবে এর জন্য তিনি দেশটির অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার নাজুক অবস্থাকে দায়ী করেন।
রুশ রাষ্ট্রদূত আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি আইএসআইএস। তিনি জানান, মস্কো এ বিষয়ে সতর্ক রয়েছে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে চতুষ্টয় কাঠামোর আওতায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।
এছাড়া সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও)-এর আওতায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সন্ত্রাসবাদ দমনে রাশিয়ার সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন খোরেভ। তিনি পাকিস্তান, আফগানিস্তানসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে মস্কোর অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

