বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ নিয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির রাজধানী মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
চলতি বছরের ২৬ জানুয়ারির নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন লুকাশেঙ্কো। এর আগে দেশটির নির্বাচন কমিশন ৩ ফেব্রুয়ারি এক সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন করে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ১১০০-এর বেশি অতিথি উপস্থিত ছিলেন। লুকাশেঙ্কোর প্রবেশের আগে বেলারুশ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা ও প্রেসিডেন্টের পতাকা নিয়ে আসা হয়। পরে সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেন তিনি। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে লুকাশেঙ্কোর দায়িত্বগ্রহণের সনদ প্রদান করেন।
১৯৯৪ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন লুকাশেঙ্কো। এরপর থেকে টানা সাতবার নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি। বেলারুশের সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর হলেও- সংবিধান পরিবর্তনের মাধ্যমে লুকাশেঙ্কোর ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত হয়েছে। চলতি নির্বাচনের মাধ্যমে তার মেয়াদ আরো ছয় বছর বাড়ল, অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।

