চার দিনের সরকারি সফরে আজ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আয়োজিত এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর হওয়ায় এটি বিশেষ তাৎপর্য বহন করছে। সফরটি ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফর করবে। সফরের অংশ হিসেবে ২৭ মার্চ তিনি হাইনান প্রদেশে অনুষ্ঠিত ২০২৫ সালের দ্য বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এ সফরে কোনো বড় চুক্তি না হলেও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় বড় চুক্তির সম্ভাবনা কম। তবে এ সফর ভবিষ্যতের কূটনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপন করতে পারে।
প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও উন্নয়ন সহযোগী। আমরা নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করছি, বিশেষত স্বাস্থ্য খাতে।’ ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি মেডিকেল প্রতিনিধি দল চীনের কুনমিংয়ে গিয়ে তাদের স্বাস্থ্যসেবার বিষয়ে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে। চীনে বাংলাদেশি রোগীদের জন্য চারটি হাসপাতাল নির্বাচিত করা হয়েছে এবং বাংলাদেশে চীনের একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় থাকবে।
এ সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২৮ মার্চ চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় কৌশলগত পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
চীনের সঙ্গে সামরিক সহযোগিতা ও পানি ব্যবস্থাপনা, বিশেষত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। পররাষ্ট্র সচিবের মতে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি বিনিময় হবে এবং কীভাবে এ ইস্যুতে অগ্রগতি আনা যায়- তা নিয়ে আলোচনা হবে।
এ সফরে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সম্ভাব্য ঘোষণার মধ্যে ঋণ সহায়তা, অর্থনৈতিক বিনিয়োগ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

