দক্ষিণ কোরিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে, এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। তিনি একে “নজিরবিহীন ধ্বংসযজ্ঞ” বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সিউলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের খরা ও প্রবল শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সর্বোচ্চ পর্যায়ের বিপর্যয় সতর্কতা জারি করেছে।
সরকারি কর্মকর্তারা জানান, দাবানলে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো ১৩ জন সামান্য আহত হলেও তারা বিপদমুক্ত রয়েছেন।

রাতভর দাবানল ছড়িয়ে পড়ায় অসংখ্য এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়।
আগুন নেভাতে হাজারো দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হাহয়ে ফোক ভিলেজ দাবানলের হুমকির মুখে পড়েছে। হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, অনেকে ইতোমধ্যে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।
তবে প্রচণ্ড বাতাসের কারণে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

৭৯ বছর বয়সী কোন সো-হান বলেন, মনে হচ্ছিল, পাহাড় থেকে আগুন আমার বাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই ভয়াবহতা যারা দেখেননি, তারা বুঝতে পারবেন না। আমি কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি।
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা ও জরুরি সহায়তা প্রদান এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। অস্থায়ী ত্রাণকেন্দ্রে আশ্রিতদের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরকার ও স্থানীয় বাসিন্দারা এখন সেই বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দক্ষিণ কোরিয়ায় সাধারণত গ্রীষ্মকালে দাবানল দেখা দিলেও এবার তা অস্বাভাবিকভাবে ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দাবানলের তীব্রতা দিন দিন বাড়ছে।

