অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট-এ আজ এক অভিনব প্রতিবাদে অংশ নেন গ্রিনস পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়াং। তিনি মৃত স্যামন মাছ উঁচিয়ে ধরেন এবং সরকারের পরিবেশ রক্ষার নীতির তীব্র সমালোচনা করেন।
জানা যায়, সারাহ হ্যানসন-ইয়াং অভিযোগ করেন, অস্ট্রেলিয়ান সরকার বাণিজ্যিক মৎস্য খামারের মাধ্যমে সৃষ্ট পরিবেশ দূষণ প্রতিরোধে ব্যর্থ হয়েছে। বিশেষত: তাসমানিয়া রাজ্যে স্যামন চাষের ফলে পানি দূষণের ঘটনা বাড়ছে এবং এটি স্থানীয় জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। সূত্র: এএফপি

তিনি বলেন, সরকার পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে অস্বীকার করছে এবং এ কারণে তিনি আরো বীতশ্রদ্ধ হয়েছেন। সিনেট অধিবেশনে তিনি সরাসরি প্রশ্ন করেন, আপনারা কি পরিবেশ রক্ষার অঙ্গীকার পচা, দুর্গন্ধযুক্ত স্যামনের কাছে বিক্রি করে দিয়েছেন?
এসময় পার্লামেন্টের মধ্যে পেছনে বসে থাকা অন্য এক গ্রিনস সিনেটর আর্তনাদ করে বলেন, “দুর্গন্ধ পাচ্ছি”। পরে স্যামন মাছটি পলিথিনে মোড়ানো হয়ে সিনেট চেম্বার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশবাদীদের আশঙ্কা, তাসমানিয়া রাজ্যে অনিয়ন্ত্রিত স্যামন চাষ বড় আকারে পরিবেশগত ক্ষতি করছে এবং এতে মজিয়ান স্কেট নামক স্থানীয় মাছ বিলুপ্তির পথে রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অবশ্য স্যামন শিল্পের প্রতি তার সমর্থন অব্যাহত রেখেছেন। বলছেন যে, এই শিল্প তাসমানিয়ায় কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস।
এটি নতুন নয়, এর পূর্বেও অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এমন ধরনের অদ্ভুত প্রতিবাদ দেখানো হয়েছে। সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্কট মরিসন একবার কয়লার স্তূপ নিয়ে পার্লামেন্টে এসেছিলেন, তার উদ্দেশ্য ছিল টেকসই জ্বালানির পক্ষে থাকা সিনেটরদের উত্যক্ত করা।

