বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন-এর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত সরকার, জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী- যা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনসাধারণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারত প্রতিবেশী প্রথম এবং অ্যাক্ট ইস্ট নীতির আওতায়- বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অগ্রসরমান দেশ হিসেবে দেখতে চায়।
অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস-এর কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন- যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে এবং এই সম্পর্কের মাধ্যমে উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা এসেছে। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমাদের অংশীদারত্ব আরো এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

