কানাডার ২০২২ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরের পক্ষে ভারতের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় এজেন্টরা দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে তহবিল সংগ্রহ ও সংগঠনের মাধ্যমে পোইলিভরেকে সহায়তা করেছেন।
তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, পোইলিভরে বা তার দল এ বিষয়ে অবগত ছিলেন- এমন কোনো প্রমাণ মেলেনি।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় কানাডার সাধারণ নির্বাচনের প্রচারণার মধ্যে এই অভিযোগ সামনে এসেছে- যা দেশটির রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।
কানাডিয়ান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কথিত হস্তক্ষেপ নিয়ে তারা পোইলিভরের সঙ্গে আলোচনা করতে পারেননি। কারণ তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করেননি। পোইলিভরে একমাত্র ফেডারেল নেতা, যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েও নিরাপত্তা সংক্রান্ত এই প্রক্রিয়ায় অংশ নেননি।
এবিষয়ে মঙ্গলবার তিনি বলেন, নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এটি তার মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে। পোইলিভরে বলেন, আমি এমন কোনো গোপনীয়তার শপথ নেব না, যা লিবারেল সরকার আমার ওপর চাপিয়ে দিতে চায়। তারা চায় না আমি এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলি।
কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। অতীতে চীন ও ভারতের বিরুদ্ধে দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। যা ভারত সরকার বরাবরই অস্বীকার করে আসছে।
গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতের হস্তক্ষেপের প্রচেষ্টা কেবল কনজারভেটিভ পার্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি কানাডার বিভিন্ন রাজনৈতিক দলকে প্রভাবিত করার বৃহত্তর কৌশলের অংশ।
লিবারেল নেতা মার্ক কার্নি এই অভিযোগের প্রেক্ষিতে কনজারভেটিভ নেতা পোইলিভরেকে সমালোচনা করে বলেন, একজন বিরোধীদলীয় নেতা যদি দিনের পর দিন নিরাপত্তা ছাড়পত্র নিতে অস্বীকৃতি জানান, তবে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
অন্যদিকে পোইলিভরে তার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং দাবি করেছেন, জনগণের স্বার্থে স্বাধীনভাবে কথা বলতেই তিনি এই পথ বেছে নিয়েছেন।
বিদেশি হস্তক্ষেপের অভিযোগের তদন্তে কানাডায় গত বছর একটি পাবলিক ইনকোয়ারি পরিচালিত হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, চীন ও ভারত উভয়ই কানাডার পূর্ববর্তী দুটি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। যদিও এই প্রচেষ্টাগুলোকে “বিপজ্জনক” হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সেগুলোর প্রভাব ছিল “ন্যূনতম”।
তবে প্রতিবেদনে সতর্ক করে জানানো হয়েছে, ভুল তথ্য ও বিদেশি প্রভাব কানাডার গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
এদিকে কানাডার নির্বাচনী অখণ্ডতা টাস্ক ফোর্স জানিয়েছে, চলমান নির্বাচনী প্রচারণায় চীন, রাশিয়া ও ভারতের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। তাদের মতে, বিদেশি এজেন্টরা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রক্সি নেটওয়ার্ক ও অনলাইন বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।
সরকার নাগরিকদের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বিদেশি হস্তক্ষেপ রোধে সক্রিয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

