তুরস্কে বিরোধীদলীয় নেতা একরাম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদ ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে টানা ষষ্ঠ রাতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ৮১ প্রদেশের মধ্যে অন্তত ৫৫টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এই আন্দোলনকে ‘অশুভ’ উল্লেখ করে বিরোধী দলগুলোর উসকানিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট এরদোগান।
গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে ইস্তাম্বুলের মেয়র এবং প্রধান বিরোধীদলীয় নেতা একরাম ইমামোগলুকে আটক করা হয়। ওই দিনই তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী হওয়ার কথা ছিল। তার গ্রেফতারের পরপরই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, যা এখন তীব্র আকার ধারণ করেছে।
এরদোগান এক টেলিভিশন ভাষণে বলেন, ‘বিরোধী দলগুলো জনগণকে উসকানি দিচ্ছে এবং দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে।’ তিনি চলমান বিক্ষোভকে ‘সহিংস আন্দোলন’ বলে অভিহিত করেছেন।
বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলসহ বড় শহরগুলোতে হাজারো মানুষ রাস্তায় নামছে। রোববার ইস্তাম্বুলের সিটি হলের সামনে দশকের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ দেখা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান, পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করেছে।
সোমবার রাতেও ইস্তাম্বুলে বিক্ষোভ অব্যাহত ছিল। জাতীয় পতাকা হাতে ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজারো মানুষ রাজপথে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
তুরস্ক সরকারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে ১,১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, এই আন্দোলন অব্যাহত থাকবে এবং ইমামোগলুর মুক্তি ও সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

