ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশন বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আল-আকসা টেলিভিশন অনুসারে দেখা যায়, জাবালিয়ায় এক তাঁবু লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় নিহত হন আবদেল-লতিফ আল-কানৌয়া। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজা সিটিতে পৃথক হামলায় অন্তত ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
হামাসের মুখপাত্রের মৃত্যুর খবর কুদস নিউজ নেটওয়ার্কও নিশ্চিত করেছে বলে জানা যায়। তারা আল-কানৌয়ার মরদেহের একটি ছবিও প্রকাশ করেছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল-বারহুম ইসরাইলি হামলায় নিহত হন। এই দুই নেতা হামাসের ২০ সদস্যবিশিষ্ট শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদের সদস্য ছিলেন। হামাসের তথ্যমতে, ২০২৩ সালের শেষ থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত সংগঠনটির ১১ জন উচ্চপর্যায়ের নেতা নিহত হয়েছেন।
গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরাইলি হামলায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি এই হামলার মাধ্যমে লঙ্ঘন করেছে ইসরাইল।
এদিকে ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

