ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার গোপন তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে যাওয়ায় কংগ্রেসে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা।
মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন সিনেটে এক রুদ্ধদ্বার বৈঠকে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলকে কঠোর প্রশ্নের মুখে পড়তে হয়। ডেমোক্র্যাট সিনেটররা এ ঘটনায় প্রশাসনের গাফিলতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন।
এদিকে, রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিষয়টি স্বীকার করে বলেন, “কারও দ্বারা একটি গুরুতর ভুল হয়েছে, যেখানে এক সাংবাদিক ভুলবশত সিগন্যাল গ্রুপ চ্যাটে যুক্ত হয়েছিলেন।”
রুবিও অবশ্য বিষয়টিকে তেমন গুরুতর বলে মনে করেননি। তিনি জানান, গ্রুপে তাঁর ভূমিকা সীমিত ছিল এবং তিনি শুধু তথ্য যাচাই ও হামলার পর অভিনন্দন জানাতেই মেসেজ পাঠিয়েছিলেন।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য সেনাদের নিরাপত্তার জন্য তাৎপর্যপূর্ণ ঝুঁকি সৃষ্টি করবে না।
এ ঘটনার দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তবে তিনি তদন্তের দায়িত্ব ইলন মাস্ককে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।

