মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে কানাডার গাড়ি আমদানির ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানিয়েছেন, কানাডা শিগগিরই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে।
বুধবার (২৭ মার্চ) অন্টারিওর কিচেনারে এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ আমাদের অর্থনীতির ওপর সরাসরি আক্রমণ এবং আমরা এর যথাযথ জবাব দেব।
প্রধানমন্ত্রী জানান, বৃহস্পতিবার উচ্চপর্যায়ের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিক্রিয়া চূড়ান্ত করা হবে।
ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্ক নীতির ফলে উত্তর আমেরিকার সমন্বিত অটো শিল্পে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পাল্টা শুল্ক প্যাকেজ ঘোষণা করেছিল, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
কার্নি বলেন, আমাদের হাতে একাধিক বিকল্প রয়েছে। আমরা পাল্টা শুল্ক আরোপ করতে পারি, তবে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।
তিনি আরও জানান, নন-ট্যারিফ পদক্ষেপ, যেমন মার্কিন রফতানির ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ, বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, আমরা নিশ্চিত করব যে, আমেরিকার ওপর যতটা সম্ভব চাপ সৃষ্টি করা যায়, তবে তা যেন কানাডার জনগণের ওপর প্রভাব না ফেলে।
ফোর্ড জানান, তিনি কানাডার অন্যান্য প্রদেশগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত কৌশল গ্রহণ করবেন।
আমাদের সামনে দুটি পথ খোলা– হয় চুপচাপ বসে থাকব, অথবা কিছুটা কষ্ট স্বীকার করেও লড়াই করব। আমি লড়াইয়ের পক্ষেই, কারণ এটিই সঠিক পথ বলে জানালেন ফোর্ড।
উল্লেখ্য, অন্টারিও কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ এবং দেশের বৃহত্তম অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল। নতুন শুল্কের ফলে প্রদেশটির অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

