ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার জেরে যুক্তরাষ্ট্রে এক তুর্কি ডক্টরেট শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং তাঁর ভিসা বাতিল করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ম্যাসাচুসেটসের টাফটস বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম রুমেসা ওজতুর্ক (৩০)। বোস্টনের কাছে তাঁকে আটক করা হয়।
রুমেসার আইনজীবী মাশা খানবাবাই জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ইফতারের জন্য বাসা থেকে বের হওয়ার সময় হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা তাঁকে আটক করে।
এই ঘটনায় বোস্টনের ফেডারেল আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন একে “নাগরিকদের স্বাধীনতা রোধে উদ্বেগজনক প্রবণতার সাম্প্রতিকতম ঘটনা” বলে অভিহিত করেছেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক্সে (টুইটারে) এক পোস্টে দাবি করেন, রুমেসা হামাস-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের বিবরণ দেননি তিনি।
আইনজীবী খানবাবাই বলেন, দেশজুড়ে আমরা যে প্রবণতা দেখছি, তাতে স্পষ্ট যে বাক্স্বাধীনতা চর্চার কারণেই তাঁকে আটক করা হয়েছে।
রুমেসাকে ম্যাসাচুসেটসের বাইরে স্থানান্তর না করার জন্য আদালত নির্দেশ দিলেও পরে জানা যায়, তাঁকে লুইজিয়ানায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে নতুন আবেদন করেছেন তাঁর আইনজীবী।
রুমেসার গ্রেপ্তারের প্রতিবাদে সমারভিলে এক সমাবেশের আয়োজন করা হয়। সমর্থকরা দাবি করছেন, এই পদক্ষেপ বাক্স্বাধীনতার ওপর আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা।
এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

