তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) দেশজুড়ে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলটির নেতা ওজগুর ওজেল জানিয়েছেন, যতদিন না আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয় বা ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে মুক্তি দেওয়া হয়, ততদিন আন্দোলন চলবে।
শনিবার (২৯ মার্চ) ইস্তানবুলে একটি বিশাল জনসমাবেশ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে ওজেল বলেন, এ সমাবেশের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইমামোগলুর প্রচারণা শুরু হবে। তিনি আরো জানান, প্রতিটি শহরে আমাদের ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাবেশ হবে।
গত সাত দিনে ইমামোগলুর গ্রেফতারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে ১,৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে সাতজন সাংবাদিকও রয়েছেন।
অন্যদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বিক্ষোভকে ‘সড়কের সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, বিরোধীদের এ আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং তারা পুলিশ আক্রমণ ও সরকারি সম্পদ ধ্বংসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করছে।
ওজগুর ওজেল ইতোমধ্যে ইস্তানবুলের সিলিভরি কারাগারে গিয়ে ইমামোগলুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানান, ইমামোগলু একাকী বন্দি অবস্থায় থাকলেও সুস্থ রয়েছেন এবং এখন পর্যন্ত কোনো নির্যাতনের শিকার হননি।
বিরোধী দলীয় এই নেতা দাবি করেছেন, ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে ইমামোগলু নিজেও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এই গ্রেফতারকে ‘একটি অভ্যুত্থান’ বলে উল্লেখ করেছেন। যদিও সরকার আদালতের স্বাধীনতার কথা বলছে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
সিএইচপি মনে করছে, ইমামোগলুর মুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে দলটির নেতা ওজেল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার লেবার পার্টির নীরবতায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্মভূমি ইংল্যান্ড ও আমাদের বন্ধু দল লেবার পার্টি নিশ্চুপ! অথচ সমগ্র ইউরোপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটি সত্যিই দুঃখজনক।
ওজেল স্পষ্ট করে জানিয়েছেন, যদি ইমামোগলুকে মুক্তি না দেওয়া হয়, তবে সিএইচপির অন্য যেকোনো সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন এবং ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করবেন। বিরোধী দলীয় এই নেতা বলেন, এরদোয়ান একজন জনপ্রিয় নেতাকে কারাগারে পাঠিয়ে গণতন্ত্রের পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুরস্কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
বিক্ষোভের ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন নজর রাখার বিষয়। এরদোয়ান সরকার আন্দোলন দমন করতে কঠোর অবস্থান নেবে, নাকি বিরোধীদের দাবির প্রতি কোনো ইতিবাচক সাড়া দেবে, সেটি সময়ই বলে দেবে।

