যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনা। দ্য অ্যাটলান্টিক-এর সম্পাদক ও মার্কিন সাংবাদিক জেফরি গোল্ডবার্গ অভিযোগ করেছেন, তাকে একটি গোপন গ্রুপ চ্যাটে যুক্ত করে পরে সেখানেই আক্রমণের শিকার হতে হয়েছে।
দেখা যায়, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডবার্গ জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি কর্মকর্তারা ভুলবশত তাকে একটি সিগন্যাল চ্যাট গ্রুপে যুক্ত করেন, যেখানে সামরিক বিষয়ে স্পর্শকাতর আলোচনা হচ্ছিল। তিনি বলেন, “ট্রাম্প প্রশাসনের এই ভুল স্বীকার করা উচিত।”
গোল্ডবার্গ জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ তাকে সিগন্যাল অ্যাপে একটি বার্তা পাঠান। এরপর তিনি নিজেকে এমন একটি গ্রুপ চ্যাটে আবিষ্কার করেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড উপস্থিত ছিলেন। সেখানে ইয়েমেনে সামরিক অভিযান নিয়ে আলোচনা হচ্ছিল, যা ভুলবশত তার নজরে আসে।
প্রতিবেদন প্রকাশের পর গোল্ডবার্গকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডবার্গকে “নিকৃষ্ট ব্যক্তি” ও “চোর” বলে অভিহিত করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ তাকে “মিথ্যাবাদী” বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউস দাবি করেছে, ওই গ্রুপ চ্যাট কোনো যুদ্ধ পরিকল্পনার অংশ ছিল না।
অন্যদিকে ওয়াল্টজ দাবি করেছেন, এটি কেবল একটি দুর্ঘটনা এবং তিনি আসলে অন্য কাউকে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। তবে গোল্ডবার্গের পাল্টা দাবি, সিগন্যালে কাউকে আমন্ত্রণ জানানোর জন্য নম্বর সংরক্ষিত থাকা দরকার, যা প্রমাণ করে যে ওয়াল্টজের কাছে তার নম্বর ছিল।
গোল্ডবার্গের প্রতিবেদন প্রকাশের পর, দ্য অ্যাটলান্টিক গ্রুপ চ্যাটের বার্তাগুলো প্রকাশ করে। সেখানে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্টভাবে উল্লেখ করেছেন কখন এফ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন করবে, কখন প্রথম বোমা ইয়েমেনে পড়বে এবং কখন টমাহক মিসাইল ছোড়া হবে। তবে কর্মকর্তারা দাবি করেছেন, এসব তথ্য যুদ্ধ পরিকল্পনার অংশ ছিল না।
গোল্ডবার্গ বলেন, যদি প্রতিরক্ষা সচিব আমাকে জানান, ইয়েমেনে হামলা শুরু হতে যাচ্ছে, কোন অস্ত্র ব্যবহার করা হবে এবং কখন বোমা ফেলা হবে, তাহলে সেটা সংবেদনশীল সামরিক তথ্য।
এই ঘটনার পর কংগ্রেসের কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্য পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে এমন অসাবধানতা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
গোল্ডবার্গ বলেন, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কি মোবাইল চ্যাট অ্যাপে সংবেদনশীল আলোচনা করা উচিত? এ প্রশ্ন এখন সামনে আসছে। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা মনে করছেন, ওয়াল্টজ গুরুতর ভুল করেছেন এবং প্রশাসনের প্রতিক্রিয়া আরও কঠোর হওয়া উচিত ছিল।
এখন প্রশ্ন উঠেছে, হোয়াইট হাউস এই ঘটনার পর কী পদক্ষেপ নেবে। কংগ্রেসে এই নিয়ে বিতর্ক চলছে এবং তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই বিষয়ে কঠোর ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
গোল্ডবার্গের মতে, ট্রাম্প প্রশাসনের নেতারা যে ধরনের জবাবদিহিতা চান, তার মানদণ্ড বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন। এটা একটা গুরুতর ইস্যু, যা নিয়ে আলোচনা হওয়া উচিত।
এই ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউসে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে এই ধরনের গাফিলতি ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

