যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বৃহস্পতিবার দুপুরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। অভিযুক্ত ২০ বছর বয়সী ফিনিক্স আইকনার, যিনি এফএসইউর শিক্ষার্থী এবং লিওন কাউন্টি শেরিফের ডেপুটি কর্মকর্তার পুত্র, তার মায়ের আগের কর্মস্থলের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এ হামলা চালান।
স্থানীয় সময় দুপুর ১১টা ৫০ মিনিটে তালাহাসির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টুডেন্ট ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। আইকনার গুলিবর্ষণ শুরু করলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা আশ্রয় নেন। পুলিশের পাল্টা গুলিতে আইকনার আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল জানান, আইকনার তার মায়ের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, যা আগে তার মা আইনপ্রয়োগকারী সংস্থায় কর্মরত অবস্থায় ব্যবহার করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান, একটি শটগান এবং তার গাড়ি থেকে আরো একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এফএসইউ কর্তৃপক্ষ ক্যাম্পাসে জরুরি সতর্কতা জারি করে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও অন্যান্য কার্যক্রম স্থগিত রাখে। এফবিআই এবং স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস শোক প্রকাশ করেছেন। এফএসইউ প্রেসিডেন্ট রিচার্ড ম্যাককালাফ পুলিশ বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
এফএসইউতে এটি গত এক দশকে তৃতীয় বন্দুক হামলার ঘটনা। ২০১৪ সালে স্ট্রোজিয়ার লাইব্রেরিতে এবং ২০১৮ সালে তালাহাসির একটি যোগা স্টুডিওতে এমন হামলা ঘটেছিল।
এফএসইউ কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্ত চলমান রয়েছে এবং হামলার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

