মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে চালানো এক অভিযানে ১৬৫ জন বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
গতকাল (বৃহস্পতিবার) কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি বাণিজ্যিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর ও নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের ১৮৫ জন কর্মকর্তার একটি দল অংশ নেয়। তাদের সঙ্গে ছিল জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও।
আটকদের মধ্যে সর্বাধিক ১৬৫ জন বাংলাদেশি। এ ছাড়া আটক হওয়া অন্যদের মধ্যে ১২৪ জন নেপালি এবং ৫৮ জন নারী রয়েছেন। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি নেই বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমস।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে মোট ৮৯৫ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৭৪৯ জন অভিবাসী এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই শেষে ৫০৬ জনকে আটক করা হয়, যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
তিনি জানান, অভিযানের সময় অনেকেই নিজেকে লুকাতে ঘর, টয়লেট কিংবা স্টোররুমে আশ্রয় নেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন, অনুমতির মেয়াদোত্তীর্ণ, ভুয়া পরিচয়পত্র ব্যবহার, কিংবা অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক।

