বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা তদন্তের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে। গত ২৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি-আমেরিকানদের একটি গ্রুপ যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের প্রতি এই দাবি জানায়।
পরদিন ২৪ এপ্রিল স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে মুখপাত্র ট্যামি ব্রুস বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “আমি আবারও বলছি, যে কোনো বিষয়ে সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।”
তবে ব্রুস তার বক্তব্যে স্পষ্টভাবে কোনো তদন্ত শুরুর ঘোষণা দেননি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কেও কিছু জানাননি। এতে প্রশ্ন উঠেছে, মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার আদৌ কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কি না।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র প্রতিবছর বাংলাদেশে বিভিন্ন খাতে- বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে- বহুমাত্রিক সহায়তা দিয়ে আসছে। এসব অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সম্প্রতি কিছু প্রবাসী বাংলাদেশি গোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে- স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত অবস্থান না নেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশ্ন আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

