ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে অভিযান চালিয়ে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। শুক্রবার রাতভর আহমেদাবাদ ও সুরাটে পরিচালিত যৌথ অভিযানে এ বাংলাদেশিদের আটক করা হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পিটিআইর প্রতিবেদনে দেখা যায়, শুধু আহমেদাবাদ থেকেই কমপক্ষে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান বলে দাবি করেন মন্ত্রী হর্ষ সাংঘভি।
তিনি জানান, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের পুলিশে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ভিডিও কনফারেন্সে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে হর্ষ সাংঘভি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা ভারতে প্রবেশের আগে বিভিন্ন রাজ্যে অবস্থান করে জাল নথির মাধ্যমে গুজরাটে প্রবেশ করেছিলেন। তাদের অনেকের বিরুদ্ধে মাদক চোরাচালান ও মানবপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য ছিলেন বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, গ্রেপ্তার বাংলাদেশিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, যারা তাদের জাল নথি সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধেও তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

