দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ায় পরিশ্রম করে ‘খাটুনির জনশক্তি’ হিসেবে পরিচিতি পেলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা একই পরিমাণ বা বেশি সময় কাজ করেও পাচ্ছেন তুলনামূলকভাবে কম বেতন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ আশপাশের অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানে নেপাল, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত আয় করেন, সেখানে বাংলাদেশিরা ১২ ঘণ্টা কাজ করেও পাচ্ছেন সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার রিঙ্গিত।
এ বৈষম্যের জন্য অনেকেই দায় দিচ্ছেন বাংলাদেশ থেকে অদক্ষ ও অবৈধভাবে আসা শ্রমিকদের। অনেকে কলিং ভিসায় মালয়েশিয়ায় এসে কোম্পানি বন্ধ বা কালো তালিকাভুক্ত হওয়ায় অবৈধ অভিবাসী হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে ৫ লাখের বেশি শ্রমিক অবৈধভাবে অবস্থান করছেন।
কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় কাজ করা ইমামুল বলেন, “বেশিরভাগ শ্রমিকই অদক্ষ। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় আমাদের অনেক বেশি সময় কাজ করতে হয়, অথচ বেতন থাকে অনেক কম।”
একই শহরের রেস্তোরাঁয় কর্মরত মো. জাকির হোসেন জানান, তিনি কলিং ভিসায় মালয়েশিয়ায় এসেছিলেন কিন্তু এসে দেখেন তার কোম্পানি কালো তালিকাভুক্ত। এরপর থেকেই অবৈধ হয়ে যান এবং রেস্টুরেন্টে কম বেতনে কাজ করতে বাধ্য হন।
সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় ভারতীয় মালিকানাধীন এক দোকানে কর্মরত কুষ্টিয়ার রাজু জানান, নির্মাণ খাতে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে কষ্টের কাজ করেন, কিন্তু তাঁদের বেতন সবচেয়ে কম।
একই রাজ্যে থাকা নেত্রকোণার মানিক জানান, ২০১৬ সালে সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় এসেছেন। এখনো বৈধতা পাননি, ফলে কাজ পেলেও পারিশ্রমিক অনেক কম।
মালয়েশিয়ার এক স্থানীয় নাগরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাংলাদেশিরা খুব পরিশ্রমী কিন্তু বেশিরভাগই ইংরেজি জানে না। তাই তারা ভালো পজিশনের চাকরি পায় না। ফলে কম বেতনে বেশি সময় কাজ করতে হয়।”
বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষিত ও দক্ষ শ্রমিক পাঠানো, প্রতারণামূলক ভিসা প্রক্রিয়া রোধ এবং সরকারিভাবে শ্রমিকদের অধিকতর প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হলে এই বৈষম্য অনেকাংশে কমানো সম্ভব।

