পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বৃহস্পতিবার এক যৌথ বৈঠকে ঘোষণা দিয়েছেন, যেকোনো ধরনের ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দেওয়া হবে। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রতি আস্থা জানিয়ে তারা বলেন, “জাতি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে- যারা প্রতিটি হুমকির জবাব দিতে প্রস্তুত।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রেডিও পাকিস্তানের খবরে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী শরিফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও ফোনালাপে সন্ত্রাসী হামলার ‘স্বচ্ছ তদন্তে’ পাকিস্তানের সহযোগিতার প্রস্তাব পুনরায় জানান।
এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়ে, যখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “পহেলগামে যারা কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। একে একে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করা হবে।”
সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন প্রতিক্রিয়ার কৌশল, লক্ষ্য এবং সময় নির্ধারণে।
পাহালগাম হামলার পর ভারত একাধিক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাঞ্জাবের আত্তারিতে একমাত্র কার্যকর স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া এবং সীমান্তবর্তী গণহত্যার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক হ্রাস। বুধবার ভারত পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।
দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করতে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও দুই প্রতিবেশী দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

