ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এর সাফল্যকে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, এই অভিযানের মাধ্যমে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে।
শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেহবাজ। তার সঙ্গে ছিলেন ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
শেহবাজ শরিফ বলেন, ইতিহাসে লেখা থাকবে কীভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অতুলনীয় দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের আগ্রাসন প্রতিহত করেছে। আমরা শক্তিশালী জবাব দিয়ে প্রমাণ করেছি, পাকিস্তান একতাবদ্ধ এবং প্রস্তুত।
সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের প্রতি জাতির অঙ্গীকার ও সেনাবাহিনীর সাহসিকতা প্রমাণ করেছে- পাকিস্তান কেবল শান্তি চায় না, প্রয়োজনে কঠোর জবাব দিতেও প্রস্তুত।
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে শেহবাজ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। আজ তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।
মোদি সরকারের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে মদদ’ দেওয়ার অভিযোগ এনে শেহবাজ বলেন, আপনার আগুনঝরা বক্তব্য আপনি নিজের কাছে রাখুন। পাকিস্তান শান্তিপ্রিয় কিন্তু এই শান্তিপ্রত্যাশাকে কেউ যেন দুর্বলতা না ভাবে।
অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’-এর সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ না করা হলেও এটি সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য ও সামরিক প্রদর্শন কেবল ভারতের প্রতি হুঁশিয়ারি নয় বরং অভ্যন্তরীণ রাজনীতিতেও একপ্রকার শক্তি প্রদর্শন।

