বাংলাদেশে উচ্চ রক্তচাপের শিকার প্রতি ১০ জন রোগীর মধ্যে সাতজনই ২২ থেকে ৪০ বছর বয়সী তরুণ। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে- আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগ বহন করছেন। ফলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং বাড়ছে স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে মৃত্যুঝুঁকি।
চট্টগ্রামের তিনটি হাসপাতাল- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ গবেষণায় (এপ্রিল ২০২৪ থেকে এপ্রিল ২০২৫) আড়াই হাজারের বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে এসব চিত্র উঠে আসে। চিকিৎসকরা জানান, শহরের তুলনায় গ্রামে উচ্চ রক্তচাপের প্রকোপ বেশি, আক্রান্তদের বেশিরভাগই পুরুষ।
চিকিৎসকরা বলছেন, রোগটি অনেকের শরীরে থাকলেও তারা নিজেরাই জানেন না। এসব রোগীর ৫৫ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, স্থূলতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনই এর মূল কারণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ২ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। কিন্তু শনাক্ত হয়েছেন মাত্র ৫০ শতাংশ। আর চিকিৎসা নিচ্ছেন ৩৮ শতাংশ, নিয়মিত ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রেখেছেন মাত্র ১৫ শতাংশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হৃদরোগ বিভাগ প্রধান ডা. প্রবীর কুমার দাশ বলেন, উচ্চ রক্তচাপকে অনেকেই বড়দের রোগ ভাবেন, কিন্তু সমীক্ষায় দেখা গেছে, আক্রান্তদের বড় একটি অংশ তরুণ। এ রোগ স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে মৃত্যুঝুঁকি বাড়ায়।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, রোগীর সংখ্যা বাড়লেও সচেতনতা বাড়ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, বাইরের খাবারে অতিরিক্ত লবণ ও চর্বি শরীরে ঢুকছে। ১৮ বছর বয়স থেকেই প্রতি ছয় মাস অন্তর রক্তচাপ পরীক্ষা করা উচিত।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দেশের ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হক জানান, উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসায় প্রতি ১ টাকা বিনিয়োগ করলে সমাজে ১৮ টাকার সমান সুফল পাওয়া যায়।
পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. আবু জামিল ফয়সাল বলেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন ছাড়া এ রোগের লাগাম টানা সম্ভব নয়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহে ঘাটতি আছে। জুন থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞ পরামর্শ:
- প্রতিদিন ৫ গ্রাম লবণের বেশি গ্রহণ না করা
- চর্বি ও ফাস্টফুড পরিহার
- ওজন নিয়ন্ত্রণে রাখা
- নিয়মিত হাঁটাচলা
- ১৮ বছর বয়স থেকেই ছয় মাস পরপর রক্তচাপ পরীক্ষা
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য: “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।”

