ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নতুন বন্দর-নিষেধাজ্ঞা জারির পর, দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না বাংলাদেশ।”
রোববার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ তো কোন ছাড়! চারদিকে ভারত দিয়ে ঘেরা, সব কিছু আমাদের হাতে- আকাশ, পানি, ব্যবসা-বাণিজ্য। ওদের বোঝা উচিত, ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না।”
এর আগে শনিবার, ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) বাংলাদেশের কিছু রপ্তানি পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করে। এতে বলা হয়, তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল, তুলা, প্লাস্টিক পণ্যসহ ছয় ধরনের পণ্য আর স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এসব পণ্য শুধু কলকাতা ও নবসেবা (Nhava Sheva) সমুদ্রবন্দর দিয়েই ভারতীয় ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন।
এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে এই পণ্যগুলো আমদানিতে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী এলসিএসেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত রং, ডাই, প্লাস্টিসাইজার ও গ্র্যানিউল এসব রাজ্যের কিছু বন্দরে আমদানি করা যাবে। একইসঙ্গে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও পাথর গুঁড়া আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
ডিজিএফটির নির্দেশনায় আরও বলা হয়েছে, নেপাল ও ভুটানে ট্রানজিট হিসেবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা পণ্য পরিবহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের মন্তব্য এবং ভারতীয় বন্দর নীতিতে হঠাৎ পরিবর্তন বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে এক ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিষয়টি কূটনৈতিকভাবে কীভাবে মীমাংসা হয়, সে দিকেই নজর এখন সংশ্লিষ্ট মহলের।

