ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছেন। রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের দুটি অঞ্চলকে ‘চিকেন নেক’ বা ভূ-ভৌগোলিকভাবে দুর্বল করিডোর বলে উল্লেখ করেন এবং এগুলোকে “আরো ঝুঁকিপূর্ণ” বলে আখ্যায়িত করেন। ভারতের সংবাদমাধ্যম এবিপি লাইভ এ তথ্য জানায়।
এক্স পোস্টে বাংলাদেশের মানচিত্র প্রকাশ করে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, “বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে- একটি রংপুরে, আরেকটি চট্টগ্রামে। প্রথমটি ৮০ কিলোমিটার দীর্ঘ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। সেখানে সামান্য বিঘ্ন ঘটলেই রংপুর বিভাগের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।”
দ্বিতীয় করিডোর হিসেবে তিনি উল্লেখ করেন ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোরকে, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমন্ত দাবি করেন, এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক রাজধানীকে সংযুক্ত করে রেখেছে। তাঁর ভাষায়, “ভারতের একটি চিকেন নেক থাকলে, বাংলাদেশের আছে দুটি। তাই এ নিয়ে কথা বলা উচিত নয়।”
হিমন্ত আরো বলেন, “রংপুর একটি বেশি শিল্পায়িত অঞ্চল আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র। বাংলাদেশ যদি ভারতের ভূ-গঠন নিয়ে মন্তব্য করে, তবে তাদের নিজেদের অবস্থাও বিবেচনায় রাখা উচিত।”
ভারতের বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের বক্তব্য পুনর্ব্যক্ত করেন হিমন্ত, যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ভূখণ্ড নিয়ে প্রকাশ্য হুমকি হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কে অযাচিত উত্তেজনা তৈরি করতে পারে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ‘উসকানিমূলক’ এবং ‘অপ্রত্যাশিত’ হিসেবে দেখছেন।

