সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকি। তিনি অধ্যাপক ইউনূসের কাজ ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসও বক্তব্য রাখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে সমাজ পরিবর্তনে উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরেন।
চার দিনের সরকারি সফরে তিনি গত ২৭ মে টোকিও পৌঁছান। সফর শেষে শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন। সিঙ্গাপুর হয়ে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং দারিদ্র্য বিমোচনে অধ্যাপক ইউনূসের কর্মসূচি তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। সোকা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এই ডিগ্রি তাঁর অবদানের আরেকটি মূল্যবান স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

