প্লাস্টিক দূষণ আজ বিশ্বজুড়ে একটি ভয়াবহ পরিবেশগত সংকট। ১৯৭০ সালের দিকে প্রথমবারের মতো সমুদ্রজুড়ে প্লাস্টিক বর্জ্যের উপস্থিতি নজরে আসে। এরপর থেকে সমস্যা দিন দিন আরো বেড়েছে। ফরাসি গবেষণা সংস্থা তারা ওশেন ফাউন্ডেশনের নানা অভিযানে এই বিপদের পরিসর স্পষ্ট হয়ে উঠেছে।
বড় আকারের প্লাস্টিক বর্জ্য—যেমন পুরোনো মাছ ধরার জাল ও নৌযানের টুকরো গুলো সামুদ্রিক প্রাণীদের জন্য বড় হুমকি। প্রতিবছর এই ধরনের বর্জ্যে এক মিলিয়নের বেশি সামুদ্রিক পাখি মারা যায়। এছাড়া, প্রায় এক লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এসব জালে আটকে গিয়ে শ্বাসরোধে মারা পড়ে। এ ধরনের বর্জ্য সমুদ্রের ভারসাম্য নষ্ট করে। এগুলোর মাধ্যমে অন্য অঞ্চল থেকে আসা জীবও ছড়িয়ে পড়ে, যা নতুন পরিবেশে ক্ষতি করে।

এর বাইরেও আরো বিপজ্জনক এক শত্রু হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এগুলো এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। তবে সমুদ্রের গভীরতম জায়গা পর্যন্ত এদের উপস্থিতি পাওয়া গেছে। মাছ, কাঁকড়া, এমনকি সামুদ্রিক ব্যাকটেরিয়া ও ভাইরাসেও এগুলো মিলেছে।
মাইক্রোপ্লাস্টিক শুধু শরীরে ঢুকে ক্ষতি করে না। এগুলো খাদ্য শৃঙ্খলে রাসায়নিক বিষ ছড়িয়ে দেয়। কিছু বিষ যেমন ফ্যাথালেট- প্লাস্টিক তৈরির সময়ই ব্যবহৃত হয়। আবার কিছু যেমন কীটনাশক ও ভারী ধাতু প্লাস্টিকে জমে থাকে এবং পরে সাগরে গিয়ে ছড়িয়ে পড়ে।
প্লাস্টিক তৈরি হয় একধরনের রাসায়নিক প্রক্রিয়ায়। একক অণু যেমন ইথিলিন বা স্টাইরিন-একত্রে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খলা তৈরি করে। কিন্তু এই প্রক্রিয়া সব সময় সম্পূর্ণ হয় না। ফলে অব্যবহৃত কিছু রাসায়নিক প্লাস্টিকের ভেতরে থেকে যায়। এর মধ্যে কিছু পদার্থ যেমন স্টাইরিন বা বিসফেনল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
এছাড়া প্লাস্টিকের ভেতরে রঙ, সফটনার, আগুন প্রতিরোধক বা বিভিন্ন ধরণের সংরক্ষণকারী উপাদান মেশানো হয়। এইসব পদার্থ অনেক সময় রাসায়নিকভাবে প্লাস্টিকের সাথে যুক্ত না থেকে কেবল আটকে থাকে। ফলে এগুলো সহজেই বের হয়ে আসে। এগুলো তরল, গ্যাস বা কঠিন পদার্থে মিলিয়ে পড়ে।
এখন পর্যন্ত ১৬,০০০ রকমের রাসায়নিক পদার্থ চিহ্নিত হয়েছে। এর এক-চতুর্থাংশ সরাসরি মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। এগুলো জীবের ভেতরের জৈবিক প্রক্রিয়াকে বাধা দেয়।
এই মাইক্রোপ্লাস্টিক ও বিষাক্ত উপাদান কীভাবে সাগরে প্রবেশ করে তা জানতে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। “তারা ইউরোপা” নামের এক গবেষণা অভিযানে ইউরোপের চারপাশের সাগরের অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। এই মিশনে ৭০টির বেশি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। শিগগিরই গবেষণার ফল প্রকাশ করা হবে।
তবে শুধু এই বর্জ্যই নয়, প্লাস্টিক উৎপাদনের আরও এক ভয়াবহ দিক আছে। সেটি হলো জলবায়ু পরিবর্তন। প্লাস্টিক শিল্প থেকে প্রতি বছর বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাসের ৩.৪% নির্গত হয়। চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে দাঁড়াবে ১৫ শতাংশে।

সমুদ্রের তাপমাত্রা বাড়লে প্রাণীগুলো টিকে থাকতে পারবে না। এতে সাগরের পুরো বাস্তুতন্ত্র বিপর্যস্ত হবে। তাই প্লাস্টিকের বিপদ শুধু বর্জ্য নয়, এটি পরিবেশের প্রতিটি স্তরে ক্ষতি করে।
এই বিপদ থেকে মুক্তি পেতে হলে শুধু সচেতন নাগরিকদের রিসাইক্লিং যথেষ্ট নয়। এটি একটি বৈশ্বিক ও কাঠামোগত সংকট। সমাধানও হতে হবে নীতিনির্ধারণী পর্যায়ে।
স্টকহোম রেজিলিয়েন্স সেন্টার প্লাস্টিককে “নতুন দূষণকারী সত্তা” হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘও এই অবস্থানকে সমর্থন করেছে। তারা বলছে—প্লাস্টিক যেন কোনোভাবেই পরিবেশে ছড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিত করতে হবে।
গবেষণায় দেখা গেছে, বৈশ্বিকভাবে প্লাস্টিক উৎপাদন অর্ধেকে নামিয়ে আনলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। এর ব্যয়ও সহনীয়। তবে আরেকটি গবেষণায় বলা হয়েছে, যদি আমরা প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য- ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সীমিত রাখতে চাই। তবে ২০১৫ সালের তুলনায় ৭৫% প্লাস্টিক উৎপাদন কমাতে হবে।
এই সংকট মোকাবিলায় এখনই বড় পদক্ষেপ দরকার। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে হবে। পণ্যের আয়ু বাড়াতে আইন তৈরি করতে হবে। পুরনো প্লাস্টিক মেরামত ও পুনঃব্যবহারে উৎসাহ দিতে হবে।
অনেকে অল্প সময়ের সমাধান খোঁজেন। যেমন প্লাস্টিকের বদলে কাগজ বা অ্যালুমিনিয়াম ব্যবহার। কিন্তু এগুলো সমস্যার গোড়া দূর করে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যবস্থার পরিবর্তন।
আমাদের অর্থনীতি এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে পরিবেশবান্ধব নীতি ছাড়া সামনে এগোনো অসম্ভব। পৃথিবী বাসযোগ্য না থাকলে অর্থনীতি ও উন্নয়ন টিকবে না। তাই এখনই সময়, প্রকৃতির সাথে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার। এই পরিবর্তনের শুরু হওয়া উচিত প্লাস্টিক থেকে।

