যুক্তরাষ্ট্রে পর্যটক এবং নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দিতে অতিরিক্ত ১,০০০ ডলার ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
স্টেট ডিপার্টমেন্টের এক অভ্যন্তরীণ স্মারকে বিষয়টি উঠে এসেছে। তবে প্রস্তাবটির আইনি বৈধতা নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সরকারি আইনজীবীরা।
বর্তমানে এসব ভিসার জন্য আবেদনকারীদের ১৮৫ ডলার ফি দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, ‘প্রিমিয়াম সার্ভিস’-এর আওতায় দ্রুত সাক্ষাৎকারের সুবিধা পেতে অতিরিক্ত ১,০০০ ডলার দিতে হবে। এতে আবেদনকারীরা সাক্ষাৎকারের লাইনে অগ্রাধিকার পাবেন।
রয়টার্স পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
তবে সরকারি আইনজীবীরা বলছেন, সেবার প্রকৃত খরচের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ের পরিপন্থী। তাই হোয়াইট হাউজের বাজেট অফিস প্রস্তাবটি বাতিল করতে পারে, এমনকি আদালতেও তা খারিজ হতে পারে।
এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, “ভিসা সাক্ষাৎকার নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। আমরা বৈশ্বিক কার্যক্রম আরও উন্নত করতে কাজ করছি।”
ভিসা ফি নিয়ে এ ধরনের প্রস্তাব আগে আসেনি। এটি ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ নীতির ধারাবাহিকতা বলেই ধারণা করা হচ্ছে। ওই নীতিতে ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দ্রুত পাওয়ার সুযোগের কথা বলা হয়েছিল।
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটনে ব্যয় কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। তাদের পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতিমালা ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে ব্যয় ৭ শতাংশ হ্রাস পেতে পারে।
২০২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ইস্যু হওয়া নন-ইমিগ্র্যান্ট ভিসার সংখ্যা ছিল ১ কোটি ৪ লাখ। এর মধ্যে পর্যটন ভিসা ছিল ৫৯ লাখ।
ট্রাম্প প্রশাসন ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল ও সব আবেদনকারীর ওপর নজরদারি বৃদ্ধি।

