ইরানের কঠোর হুঁশিয়ারি:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ার মধ্যে ইরান স্পষ্ট হুঁশিয়ারি জারি করে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স সামরিকভাবে হস্তক্ষেপ করলে তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং নৌযান ইরানের পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হবে। শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বার্তা প্রচার করে।
ইরানের এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে। ইরান দাবি করছে, ইসরায়েল তাদের সামরিক ও কূটনৈতিক স্থাপনায় সরাসরি আক্রমণ করেছে। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, তেহরান যুদ্ধের পথে যেতে চায় না। তবে কোনো তৃতীয় পক্ষ ইসরায়েলের পক্ষে হামলা প্রতিহত করার চেষ্টা করলে তাদের যুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হবে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, বিশেষ করে ইরাক, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। এই ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেও ইরানের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

