মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও এক ধাপ বেড়ে গেল। প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইসরায়েলও দফায় দফায় হামলা চালাচ্ছে ইরানে। পাল্টাপাল্টি এই আক্রমণে দুই দেশই এখন ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি।
রোববার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বাত ইয়াম শহরে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বাত ইয়ামে নিহতদের মধ্যে একজন মাত্র ১০ বছরের শিশু। বাকি দুজন নারী, যাঁদের বয়স ৬৯ ও ৮০ বছর। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ‘মেগান ডেভিড অ্যাডম’ এ তথ্য নিশ্চিত করেছে।
এই হামলার জবাবে ইসরায়েলও বসে নেই। তারা এখন ইরানের অভ্যন্তরে একের পর এক হামলা চালাচ্ছে। সর্বশেষ আঘাত করা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোকে নিশানা করছে ইসরায়েলি বাহিনী।
এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও অন্তত ১২ জন পরমাণু বিজ্ঞানী।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই সংঘর্ষ কেবল সামরিক নয়—এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা এবং শক্তির প্রদর্শন। তবে এতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, যারা প্রতিদিনই হারাচ্ছেন আপনজনকে, হারাচ্ছেন নিরাপত্তা ও স্থিতি।
মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্যও গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো—এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে, আর কতো প্রাণ ঝরবে তাতে?

