ইসরায়েলে ইরানের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রোববার (১৫ জুন, শনিবার দিবাগত রাত) ইসরায়েলে একের পর এক হামলার ঘটনায় নাগরিকদের বারবার নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে এমনটাই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় শুধু ইরান নয়, ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। সাম্প্রতিক সময়ে এটি হুতিদের দ্বিতীয় হামলা। এর আগে গত মঙ্গলবার (১০ জুন) তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার জবাবে ইসরায়েল হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়।
হুতিরা দাবি করছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রেখেছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা পুনরায় হামলা শুরু করে।
ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম এবং অ্যারো ৩, হুতিদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানছে। শনিবার রাতে তেল আবিবের রামাত গানের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৪ জন আহত হয়।
হুতিরা ইরানের ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসও রয়েছে। ইরান অবশ্য হুতিদের সরাসরি অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে, তবে জাতিসংঘের বিশেষজ্ঞ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হুতিদের অস্ত্রশস্ত্রের উৎস হিসেবে তেহরানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।

