ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দেশটির সরকার। এমন পরিস্থিতিতে ইরানি জনগণের জন্য বিকল্প যোগাযোগের পথ হিসেবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক সিস্টেম ইরানে সিগনাল beams চালু করেছে।
শনিবার রাত ১টা ৪ মিনিটে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক লেখেন, The beams are on অর্থাৎ স্টারলিংকের সিগনাল এখন চালু রয়েছে। খবরটি প্রথম প্রকাশ করে জেরুজালেম পোস্ট। এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশজুড়ে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে ইন্টারনেট সংযোগে। ফলে ইরানি নাগরিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অন্যান্য বিদেশি তথ্যসূত্রে প্রবেশ করতে পারছিলেন না। কার্যত তারা এক ধরনের তথ্যবিচ্ছিন্ন অবস্থায় পড়েন।
এই পরিস্থিতিতে ইলন মাস্কের স্টারলিংক কার্যক্রম চালুর ঘোষণা ইরানের জনগণের জন্য একটি বিকল্প তথ্যপ্রবাহের সুযোগ সৃষ্টি করল। স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।
ইরান সরকারের এই ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির জনগণ বিশ্বের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমন অবস্থায় ইলন মাস্কের এই পদক্ষেপকে অনেকেই মানবিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এটি কেবল প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার দিক থেকেও গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানে স্টারলিংক সেবা চালু থাকলে নাগরিকরা বাইরের বিশ্ব থেকে তথ্য পেতে সক্ষম হবেন এবং নিজেদের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবেন। তবে এই উদ্যোগ ইরান সরকারের সঙ্গে একটি নতুন ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে বলেও মনে করা হচ্ছে। বর্তমানে ইরানে স্টারলিংকের ব্যবহার, গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

