ইসরায়েলের বিরুদ্ধে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইয়েমেন। রোববার রাতের প্রথম দিকে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হাইফা, কিরিয়াত গাত ও নেগেভ মরুভূমিতে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিছু সূত্র বলছে, এই সংখ্যা ৫০ পর্যন্ত হতে পারে।
হামলায় বেশ কিছু সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড দেখা দেয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।
এই হামলার বিষয়ে ইরান জানায়, বিনা উসকানিতে ইসরায়েল তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালিয়েছিল। এরই প্রতিক্রিয়ায় তারা ‘ট্রু প্রমিস-৩’ নামের পাল্টা অভিযান শুরু করে শুক্রবার গভীর রাতে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১,২০০ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

