মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। সোমবার (১৬ জুন) ভোরে ইসরাইলের মধ্যাঞ্চলে অন্তত চারটি জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স ও রক্ত ব্যাংক পরিষেবা ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং বাকি ২৬ জনের আঘাত তুলনামূলকভাবে হালকা।
হামলার পর পরই জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। হিব্রু ভাষায় প্রকাশিত এক্স-এর একটি পোস্টে জানানো হয়, এখনও সক্রিয়ভাবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে, কয়েক দিন আগেই ইরানেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে শুরু হওয়া সেই হামলায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২২৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, গত ৬৫ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আরও ১,২৭৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
কেরমানপুরের ভাষায়, “হতাহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি মানুষ সাধারণ বেসামরিক নাগরিক।”
এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘন হয়ে আসছে। দুই দেশের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা গোটা অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও সংঘর্ষের তীব্রতা যেন থামছেই না।
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেই দিকেই তাকিয়ে আছে বিশ্ব।

