মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল-ইরান টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি—ইসরায়েলের পরিকল্পিত এক গুপ্তহত্যা অভিযান আটকে দিয়েছিলেন তিনি।
সিবিএস নিউজকে দেওয়া তথ্যে অন্তত তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে সেই পরিকল্পনায় বাধা দেন ডোনাল্ড ট্রাম্প। এক কর্মকর্তা জানান, ট্রাম্প সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন—এই পরিকল্পনা “ভালো কোনো ধারণা নয়”।
যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প নিজে কিংবা হোয়াইট হাউস প্রকাশ্যে কিছু বলেননি।
এই বিষয়ে সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি রয়টার্সের প্রতিবেদনটি স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। বরং বলেন, “অনেক মিথ্যা প্রতিবেদন তৈরি হয়, যেগুলোর কোনো ভিত্তি নেই। আমি এসব নিয়ে আলোচনায় যাব না।”
তিনি আরও বলেন, “ইসরায়েল যা দরকার, তা করছে এবং করে যাবে। যুক্তরাষ্ট্রও জানে তাদের কী করা উচিত।”
সিবিএস নিউজকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, “নীতিগতভাবে আমরা রাজনৈতিক নেতাদের লক্ষ্য করি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু ও সামরিক অবকাঠামো। তবে যারা এসব পরিচালনা করে, তাদের জীবনে যেন নিশ্চিন্ততা না থাকে—এটাই আমাদের বার্তা।”
শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়, যা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকৃত হামলা। এরপর থেকে টানা তিন দিন ধরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে রোববার নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পরমাণু আলোচনা। কিন্তু উত্তেজনার কারণে সেটি বাতিল করা হয় বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যস্থতাকারী বদর আল বুসাইদি।
Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরান ও ইসরায়েলের শান্তি চুক্তিতে পৌঁছানো উচিত। আমি ভারত-পাকিস্তানের মতো এ সংঘাতও থামাতে পারি।”
তবে কানাডার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইসরায়েলের হামলা বন্ধে কোনো নির্দেশ দিয়েছেন কি না, সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
তিনি আরও বলেন, “ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু যদি ইরান আমাদের বা আমাদের মিত্রদের ওপর হামলা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করব, যা ইতিহাসে কখনো দেখা যায়নি।”
রয়টার্সকে এক কর্মকর্তা জানান, কাতার ও ওমানের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েল যখন সরাসরি তাদের ওপর হামলা চালাচ্ছে, তখন কোনো যুদ্ধবিরতি বা আলোচনার প্রসঙ্গে তারা যেতে চায় না।
ইসরায়েল-ইরান সংঘাত এখন এক ক্রান্তিকালের দিকে ধাবিত হচ্ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছেন ট্রাম্প, যিনি হয়তো এক ভয়াবহ সংঘাতকে ঠেকিয়েছেন, আবার এমন কিছু বলেও ফেলছেন—যা পুরো বিশ্বকে আবারও নতুন উত্তেজনার মুখে ঠেলে দিচ্ছে।

