ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৪০০টি দোকান। রবিবার (১৫ জুন) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই রূপ নেয় ভয়ঙ্কর দহনযজ্ঞে। ঘনবসতিপূর্ণ এলাকা ও বাজারে মজুত দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে দমকলের চেষ্টাতেও দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি।
দমকল বিভাগের ২০টি ইঞ্জিন আগুন নেভাতে টানা কয়েক ঘণ্টা কাজ করলেও প্রচণ্ড ধোঁয়া ও বারবার পুনরায় জ্বলে ওঠা পকেট ফায়ারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি; এখনও কিছু স্থানে হালকা জ্বলছে।
ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বলেন,
“এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। কুলিং-এর কাজ চলছে, এরপর পকেট ফায়ার সম্পূর্ণ নিভিয়ে ফেলা হবে।”
ঘটনার পর সকালে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমও দমকল বিভাগ থেকে খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দোকানে থাকা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার খবর জানানো হলেও দমকল সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। তাদের মতে, দেরিতেই আগুন ভয়াবহ রূপ নেয়। বহু ব্যবসায়ী এক রাতেই সর্বস্ব হারিয়েছেন।
বাজারের বহু দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে—যার মধ্যে রয়েছে গার্মেন্টস, প্লাস্টিক, কসমেটিকস, ইলেকট্রনিকস ও কাঁচামালের দোকান। কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে প্রশ্ন তুলেছেন—এত বড় বাজারে আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকাটা কতটা যুক্তিসঙ্গত?
খিদিরপুরের এই ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন করে মনে করিয়ে দিল নগর পরিকল্পনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সুরক্ষা অবকাঠামো কতটা গুরুত্বপূর্ণ। সঠিক তদন্ত ও পদক্ষেপ না নিলে এমন ঘটনা যে পুনরাবৃত্তি ঘটবে না, তা নিশ্চিত করে বলা যায় না।

