মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে নজিরবিহীনভাবে ভূমিকা রাখছে মুসলিম দেশ জর্ডান। ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন জর্ডান নিজের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করছে। শুধু তাই নয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহার করার সুযোগও দিয়েছে দেশটি। বিষয়টি ঘিরে প্রশ্ন উঠছে—একটি মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলের পক্ষে এমন পদক্ষেপ নিচ্ছে জর্ডান?
জর্ডানের মোট জনসংখ্যার ২০ থেকে ৫০ শতাংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। রানী রানিয়াও ফিলিস্তিনি পরিবারের সন্তান, যিনি বরাবরই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তব বেশিরভাগ আরব দেশ যেখানে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়েছে, সেখানে জর্ডান যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে।
জানা গেছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হলে সেগুলো বাধা দিচ্ছে জর্ডানের বিমান বাহিনী। এসব হামলা জর্ডানের আকাশসীমা অতিক্রম করায় সেগুলো মাঝপথেই গুলি করে ধ্বংস করছে তারা।
বিশ্লেষকরা বলছেন, বিষয়টি কেবল রাজনৈতিক নয়—এর পেছনে রয়েছে কৌশলগত নিরাপত্তা। কারণ, ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি লক্ষ্যভ্রষ্ট হয়, তাহলে তা জর্ডানের ভেতরেও আঘাত হানতে পারে। ফলে আত্মরক্ষার স্বার্থে জর্ডান এমন ব্যবস্থা নিচ্ছে বলে জানাচ্ছে দেশটির সামরিক বাহিনী।
তারা বলছে, তারা আগেই মূল্যায়ন করেছে—কোন ক্ষেপণাস্ত্র বা ড্রোন ইসরায়েলের দিকে যাচ্ছে আর কোনগুলো জর্ডানে এসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জর্ডানের এই অবস্থানের পেছনে রয়েছে আরো কিছু বাস্তবতা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর একটি হচ্ছে জর্ডান। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে দেশটি। ওই চুক্তির আওতায় মার্কিন সেনাদের জর্ডানে অবাধ চলাচল ও প্রশিক্ষণ সুবিধা দেওয়া হয়েছে। যদিও চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে জর্ডানের সহায়তার কথা উল্লেখ নেই।
তবে ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তিও করে জর্ডান। যদিও সেই চুক্তিতেও কোনো সামরিক সহায়তার ধারা ছিল না।
তবুও, বাস্তবতা হলো—ইরানের হামলার সময় জর্ডানের সক্রিয় প্রতিরোধ ইসরায়েলকে বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছে। অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস হয়েছে। এতে ইসরায়েলের বন্ধুদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে। আর এ জন্য ইসরায়েলের পক্ষ থেকে জর্ডানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

