টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সংঘর্ষের সূত্রপাত গত শুক্রবার ভোরে। ওইদিন তেহরানসহ ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও শক্তিশালী পাল্টা হামলা শুরু করে।
এই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই আশঙ্কা বাড়ছে আরো ভয়াবহ পরিস্থিতির—বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে পারমাণবিক হামলার সম্ভাবনা। এমন এক উত্তেজনাকর সময়েই ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলায় অংশ নেবে।
এই মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজায়ি। তিনি সম্প্রতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে তারাও পারমাণবিক হামলা চালাবে।”
রেজায়ির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইরানের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি জানান, ইরান এখনো তার কিছু গোপন সামরিক শক্তি প্রকাশ করেনি।
তবে পাকিস্তান এখন পর্যন্ত পারমাণবিক হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দেশটি বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন করে আসছে।
আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএএন-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মাত্র ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল ও পাকিস্তান—উভয়ই।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যে ধরনের আশ্বাস দিয়েছে, তাকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বরং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এতে জড়িত।
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। তবে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, “যদি তারা যুক্তরাষ্ট্রকে আঘাত করে, তবে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি নিয়ে আঘাত হানবে, যা ইতিহাসে নজিরবিহীন।”
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, “ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত। এই সংঘাত শুধু একটি অঞ্চলের সমস্যা নয় বরং বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে পশ্চিমারা সমর্থন দিয়ে মারাত্মক ভুল করছে।”

