দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের ভেতরে আটকে থাকা যাত্রীদের তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে না পারায় যাত্রীদের কোনো ধরনের খাবার বা পানি না দিয়েই বিমানের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এয়ার কন্ডিশনিংও বন্ধ ছিল, ফলে তাপমাত্রা হয়ে ওঠে অসহনীয়। অনেকে অসুস্থও হয়ে পড়েন।
ঘটনাটি ঘটে ১৩ জুন সন্ধ্যায়। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ফ্লাইট নম্বর IX-196 যাত্রা শুরুর কথা থাকলেও, তা সম্ভব হয়নি। যাত্রীরা জানান, প্লেন ছাড়তে না পারলেও কাউকে নামার অনুমতি দেওয়া হয়নি।
বিষয়টি সামনে আনেন ভারতের পুষ্টিবিদ ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্জু শেঠি। তিনি একটি ভিডিও পোস্ট করে জানান, বোর্ডিং হওয়ার পর এসি চালু করা হয়নি। তার তিন বছরের সন্তান পুরোপুরি ঘেমে ভিজে যায়। কেউ সহায়তায় এগিয়ে আসেনি। পানির ব্যবস্থাও ছিল না। তার ভাষায়, “যান্ত্রিক সমস্যা থাকলেও আমাদের টার্মিনালে অপেক্ষা করতে দেওয়া যেত। কিন্তু আমাদের অস্বস্তিকর গরম বিমানের ভেতরেই আটকে রাখা হলো।”
তিনি এই অভিজ্ঞতাকে “ভয়াবহ এবং ভীতিকর” উল্লেখ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ট্যাগ করে বলেন, “এটা বড় ধরনের নিরাপত্তাজনিত ব্যর্থতা। অনুগ্রহ করে যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিন, তার আগেই দেরি হয়ে যাবে।”
আরেক যাত্রী রবি কুমার জানান, “ঘামাচ্ছিল, দমবন্ধ লাগছিল। এসি চালু ছিল না। আমরা বারবার কল বাটনে চাপছিলাম, কেউ সাড়া দিচ্ছিল না। এটা একপ্রকার মানসিক ও শারীরিক নির্যাতন।”
অবশেষে ফ্লাইটটি রাত ১২টা ৪৪ মিনিটে দুবাই ত্যাগ করে এবং পরদিন ১৪ জুন রাত ২টা ৪৪ মিনিটে জয়পুর পৌঁছায়।
এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। অনেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা দাবি করছেন।
প্রতিবাদে সাড়া দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতিতে জানায়, “ইউএই-এর কিছু শহর থেকে আমাদের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে, কারণ নির্দিষ্ট কিছু আকাশপথ সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) কারণে বোর্ডিংয়ের পরও অপেক্ষা করতে হচ্ছে।”
সংস্থার একজন মুখপাত্র খালিজ টাইমস-কে জানান, ভাইরাল ভিডিও সম্পর্কে তারা অবগত। একজন যাত্রী কেবিনের তাপমাত্রা নিয়ে মন্তব্য করায় বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। মুখপাত্রের দাবি, “বিমানের এসি স্বাভাবিকভাবেই কাজ করছিল। তবে যখন বিমান দীর্ঘসময় ধরে মাটিতে দাঁড়িয়ে থাকে এবং দরজা খোলা থাকে, তখন দুবাইয়ের মতো গরম আবহাওয়ায় ঠাণ্ডা টের পাওয়া যায় না। উড্ডয়নের পর এসির কার্যকারিতা টের পাওয়া যায়।”
তিনি আরো বলেন, ফ্লাইট ছাড়ার পর কেবিন ক্রুরা নিয়ম অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিয়েছেন এবং কল বেল অনুযায়ী সাড়া দিয়েছেন।
এয়ারলাইনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি যাত্রীদের ধৈর্য ও সহনশীলতার জন্য কৃতজ্ঞতা জানাই।”

