ইরানে মোসাদের হয়ে কাজ করা একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার নাম ইসমাইল ফিকরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমবার (১৬ জুন) ইরানি কর্তৃপক্ষ এই শাস্তি কার্যকর করেছে।
ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। পরে সেটি কার্যকর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসমাইল ফিকরি ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন।
তদন্তে জানা যায়, তিনি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইরানি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে।
মিজান অনলাইনের প্রতিবেদনে আরো বলা হয়, এই মৃত্যুদণ্ড ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য বড় ধরনের এক গোয়েন্দা ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

