মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে একটি যৌথ ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে এই সেনাবাহিনী গড়ার আহ্বান জানিয়েছে।
ইরানের নেতা মহসেন রেজাই জানিয়েছেন, মুসলিম দেশগুলো যদি একত্রিত হয়ে এই উদ্যোগ নেয়, তাহলে তা শুধু আত্মরক্ষা নয়, পুরো অঞ্চলজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সেনাবাহিনী গঠিত হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে সংঘাত আরও বাড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
এরইমধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সোমবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। হামলায় ঘরবাড়িতে আগুন ধরে যায় এবং বিদ্যুৎকেন্দ্রেও ক্ষয়ক্ষতি হয়।
এর আগে গত ১৩ জুন ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে একাধিক হামলা চালায়। একের পর এক হামলা ও পাল্টা হামলায় দিন দিন ভয়াবহ হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। হতাহতের সংখ্যাও বাড়ছে।

