ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মুখ খুলেছে চীন ও রাশিয়া। তারা একসুরে এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। দুই দেশের মতে, এই সংঘর্ষ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
চীনের পক্ষ থেকে বারবার জোর দিয়ে বলা হয়েছে—ইসরায়েল ও ইরান যেন পাল্টাপাল্টি হামলা বন্ধ করে, সংযম দেখায় এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করে। সোমবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “এই অঞ্চলে কেউ যেন এমন কিছু না করে যার ফলে বিশৃঙ্খলা আরও বাড়ে। বরং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শান্তিপূর্ণ আলোচনা সম্ভব।”
চীনের এই অবস্থান নতুন কিছু নয়। এর আগেও, গত ১৩ জুন সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বেইজিং জানায়, তারা সবসময়ই ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার পক্ষে। চীন বলছে, যারা সংঘাত ছড়াতে চায় বা উত্তেজনা বাড়াতে চায়, তারা বিশ্বশান্তির শত্রু। এমনকি ইরানের ওপর আবার হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিকে সমর্থন করবে কিনা—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে চীন সতর্ক করে বলেছে, অনুমানভিত্তিক প্রশ্ন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এদিকে, ইসরায়েল ও ইরানে অবস্থিত চীনা দূতাবাসে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। চীনা নাগরিকদের বলা হয়েছে, তারা যেন সবসময় সাবধানে থাকে।
চীনের এই অবস্থান অনেকটাই আগের মতোই। ২০২৪ সালের অক্টোবরেও একই ধরনের মন্তব্য করেছিলেন সে সময়ের চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, “এই অঞ্চলে চলমান যুদ্ধ ও বিশৃঙ্খলা কেউ চায় না।” তিনি ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান যেন তারা পরিস্থিতি শান্ত করার পদক্ষেপ নেয়।
জাতিসংঘেও চীনের কণ্ঠে শোনা গেছে উদ্বেগের সুর। একই বছরের অক্টোবরে চীনের প্রতিনিধি ফু কং জাতিসংঘে স্পষ্ট করে বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি ইরানকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এই বছরের ১২ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর এক গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির আনা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন ও রাশিয়া। প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে পারমাণবিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ছিল। চীনের পক্ষ থেকে লি সং বলেন, “আন্তর্জাতিক চাপ, অবরোধ ও হুমকি দিয়ে কিছুই আদায় করা যাবে না। বরং শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।” তিনি যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়াকেই বর্তমান সংকটের মূল কারণ হিসেবে দেখেন।
ইসরায়েল-ইরান সংঘর্ষ নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘সিনা ওয়েইবো’তে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। একটি হ্যাশট্যাগ মাত্র সকাল ৮:৩৯ মিনিটে ট্রেন্ডিং লিস্টের শীর্ষে উঠে আসে, যার ভিউ ১৬ কোটির বেশি এবং মন্তব্য ৭৬ হাজার ছাড়িয়ে যায়। রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিও সরাসরি ওয়েইবোতে সংঘর্ষের আপডেট সম্প্রচার করেছে।
বিখ্যাত চীনা ভাষ্যকার হু শিজিন বলেন, “ইরান এখন যেন ছিদ্রযুক্ত ঝাঁঝার মতো—মোসাদ কমান্ডারদের অবস্থান এত নির্ভুলভাবে জানে যে সহজেই টার্গেট করে হত্যা করতে পারে।” তিনি এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। অন্য ভাষ্যকার শেন ই বলেন, “ইরানে কি কেউ ইসরায়েলের সঙ্গে আঁতাতে জড়িত?” প্রশ্ন তোলেন অভ্যন্তরীণ নিরাপত্তা ঘাটতি নিয়ে।
হু শিজিন আরও লেখেন, “ইরানের ভাষা যতই শক্ত হোক, তার প্রতিরোধ ব্যবস্থা যেন একেবারে দুর্বল। এটা শুধু ইরানের জন্য নয়, চীনের জন্যও শিক্ষা—শক্তি ছাড়া আন্তর্জাতিক মঞ্চে কেউ কিছু অর্জন করতে পারে না।”
জাতীয়তাবাদী ব্লগার জিভো শিয়াশি লেখেন, “তুমি যদি হাঁটু গেড়ে বসেও থাকো, তবু প্রতিপক্ষ তোমাকে ক্ষমা করবে না। সত্যকে টিকিয়ে রাখে কেবল শক্ত মুষ্টি।”
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলো ইসরায়েলের হামলা নিয়ে তুলনামূলকভাবে কম প্রতিবেদন প্রকাশ করলেও তারা স্পষ্ট করে জানিয়েছে—ইসরায়েল শুধু সামরিক নয়, বেসামরিক এলাকাও টার্গেট করেছে। রাশিয়া চ্যানেল ১ জানিয়েছে, এবারই প্রথম আবাসিক এলাকায় সরাসরি হামলা হয়েছে।
টেলিগ্রাম চ্যানেল ‘জাপিসকি ভেটেরান’ একটি ধ্বংস হওয়া ভবনের ছবি পোস্ট করে ব্যঙ্গ করে লিখেছে, “এইগুলোই সম্ভবত সেই পারমাণবিক সামরিক স্থাপনা, যেগুলোর কথা ইসরায়েল বলেছিল।”
ভাষ্যকার ইউরি পডোলিয়াকা মনে করেন, ইউরোপীয় নেতারা এই সংঘর্ষে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেবেন না। অন্যদিকে, রাশিয়ার বিশ্লেষক সার্গেই মার্কভ বলেন, “রাশিয়া ইরানের রাজনৈতিক বন্ধু, সামরিক নয়। এখন পরিস্থিতি পর্যবেক্ষণের সময়। কোনো মধ্যস্থতা হবে, তবে পরে।”
আরেক উপস্থাপক আরতিয়ম শেইনিন মন্তব্য করেন, “সবকিছুই অত্যন্ত অনিশ্চিত।” তার মতে, যুক্তরাষ্ট্র হয়তো এখন দ্বিমুখী খেলায় নেমেছে—একদিকে ইউক্রেন, অন্যদিকে মধ্যপ্রাচ্য।
যদিও রাশিয়া ও ইরানের মধ্যে জানুয়ারিতে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সামরিক সহযোগিতার কথা রয়েছে, তবে এপ্রিলে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো স্পষ্ট করে দেন—“যুদ্ধ শুরু হলে রাশিয়া বাধ্যতামূলকভাবে সামরিক সহায়তা দেবে না।”
চীন ও রাশিয়া এখনো সরাসরি এই সংঘাতে জড়ায়নি, তবে তারা স্পষ্ট অবস্থান নিয়েছে—উত্তেজনা নয়, শান্তি চাই। কিন্তু মধ্যপ্রাচ্যে বাস্তবতা হলো, এখানে যাদের পেছনে শক্তি নেই, তাদের কণ্ঠস্বর খুব কমই শোনা যায়। বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক কৌশল আর দ্বৈত নীতির ছায়া দিন দিন আরও স্পষ্ট হচ্ছে।

