পরমাণু অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি’ (এনপিটি) থেকে সরে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে ইরান। সোমবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ হামানে জানান, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইরান একটি ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নিতে যাচ্ছে। তার ভাষায়, ‘পার্লামেন্টে বিষয়টি নিয়ে একটি প্রস্তাব তৈরি হচ্ছে। পরবর্তী ধাপে সরকার ও সংসদ একযোগে কাজ করবে।’
ইরান ১৯৭০ সালে এনপিটি চুক্তিতে সই করে। এই চুক্তি বেসামরিক পরমাণু শক্তির অধিকার নিশ্চিত করলেও পারমাণবিক অস্ত্র তৈরিতে কঠোর নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) অভিযোগ তোলে—ইরান এনপিটির শর্ত লঙ্ঘন করেছে।
এরই মাঝে ইসরায়েলের অভিযোগ, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে। এই দাবি সামনে এনে গত সপ্তাহে তেলআবিব ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবারও বলেন, ‘পরমাণু অস্ত্র তৈরি ইসলামি শরিয়াহ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ির ফতোয়ার পরিপন্থী।’
তবু একই দিন দেশটির পার্লামেন্টে এনপিটি থেকে সরে যাওয়ার প্রস্তাব উত্থাপন করা হয় এবং সেটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চুক্তি ত্যাগের মাধ্যমেই ইরান তার পরমাণু শক্তিকে প্রকাশ্যে আনার পথ তৈরি করছে। এমনকি দেশটি শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
তেহরান জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি এবং বিষয়টি এখনো সংসদের প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে।
ইরান অভিযোগ করেছে, IAEA-এর সাম্প্রতিক প্রস্তাবই ইসরায়েলের হামলার পথ সুগম করেছে। মুখপাত্র বাঘাঈ বলেন, ‘যারা প্রস্তাবটিতে ভোট দিয়েছে, তারাই আসলে ইসরায়েলের হামলাকে উৎসাহ দিয়েছে।’
প্রসঙ্গত, ইসরায়েল কখনোই এনপিটি চুক্তিতে যোগ দেয়নি। বিশ্বজুড়ে ধারণা রয়েছে, দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু তারা তা কখনো প্রকাশ্যে স্বীকার কিংবা অস্বীকার করেনি।
ইরানের ভাষ্য, ‘মধ্যপ্রাচ্যে একমাত্র গণবিধ্বংসী অস্ত্রধারী হচ্ছে জায়নিস্ট শাসকগোষ্ঠী।’
বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যায়, তবে তা হবে পারমাণবিক কূটনীতির এক নতুন অধ্যায়। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বেই বাড়তে পারে রাজনৈতিক অস্থিরতা।

