ইসরায়েলের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ায় নেমেছে ইরান। এর অংশ হিসেবে দেশটি আত্মঘাতী ড্রোন হামলা শুরু করেছে। গত ৪৮ ঘণ্টায় ইরানি সেনাবাহিনী ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একাধিক সুইসাইড ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এসব ড্রোন হামলা ইরানের স্থলবাহিনী চালিয়েছে। বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হেইদারি জানান, ইসরায়েলি আগ্রাসনের জবাবে কয়েক ডজন আত্মঘাতী ড্রোন ব্যবহৃত হয়েছে। এসবের মধ্যে ছিল ‘আরাশ’ নামের একটি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন, যার কার্যক্ষমতা ২ হাজার কিলোমিটার পর্যন্ত।
জেনারেল হেইদারি আরও বলেন, এই ড্রোন হামলা পরিচালনায় সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটগুলো ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এরই মধ্যে আইআরজিসি ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। এতে দেশটির সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ বহু মানুষ নিহত হন। ইরানি কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ওই হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ হাজার ২৭৭ জন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

