Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল কি খামেনিকে হত্যার পরিকল্পনা করছে?
    আন্তর্জাতিক

    ইসরায়েল কি খামেনিকে হত্যার পরিকল্পনা করছে?

    সিভি ডেস্কজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি | ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলা এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনব্যবস্থার ওপর। একই সঙ্গে হুমকিতে পড়েছে তার ব্যক্তিগত নিরাপত্তাও।

    দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও রাজনৈতিক টানাপড়েন সামলে আসা ৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে আছেন। ২০২২-২৩ সালে নারীনেতৃত্বাধীন আন্দোলনেও তিনি ক্ষমতায় অটল ছিলেন। তবে বর্তমান সংকট তার নেতৃত্বকে এক নতুন বাস্তবতার মুখে ঠেলে দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে ইসরায়েল এখনো এমন সম্ভাবনা নাকচ করছে না।

    বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষক আরাশ আজিজি বলেন, খামেনি এখন তার শাসনের শেষ প্রান্তে। বয়সের ভারে তিনি আর দৈনন্দিন শাসন চালাতে পারছেন না। তার বদলে ক্ষমতা চলে গেছে অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর হাতে। আজিজির মতে, চলমান যুদ্ধ ক্ষমতার এই পালাবদলকে আরও ত্বরান্বিত করেছে।

    খামেনিকে হত্যার আশঙ্কা

    ইসরায়েল ইতিমধ্যে একাধিক ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হওয়ায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে অনেকে আশঙ্কা করছেন, ইসরায়েল হয়তো সরাসরি খামেনিকেই লক্ষ্য করতে পারে।

    খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর আর কখনো বিদেশ সফরে যাননি। তার সর্বশেষ বিদেশ ভ্রমণ ছিল ১৯৮৯ সালে, উত্তর কোরিয়ায়। এরপর থেকে তার চলাফেরা কঠোর গোপনীয়তার মধ্যে সীমাবদ্ধ।

    আরাশ আজিজির মতে, ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিদ্রোহ উসকে দিয়ে অথবা ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের হত্যা করে তেহরানে পরিবর্তন আনতে চাইতে পারে।

    কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক করিম সাদজাদপুর মনে করেন, খামেনি বর্তমানে একধরনের ‘আত্মঘাতী সংকটে’ পড়েছেন। তিনি বলেন, ‘দুর্বল প্রতিক্রিয়া দিলে তার কর্তৃত্ব হারাবে, আর শক্ত প্রতিক্রিয়া দিলে পুরো শাসনব্যবস্থাই ঝুঁকিতে পড়বে।’

    ভেঙে পড়েছে সংঘাত এড়ানোর কৌশল

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের নীতিনির্ধারক জেসন ব্রডস্কি বলেন, খামেনি সবসময় সরাসরি সংঘাত এড়িয়ে হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে প্রতিপক্ষের মোকাবেলা করেছেন। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সেই কৌশলের অবসান ঘটিয়েছে।

    ব্রডস্কি বলেন, ১৯৮৯ সালে দায়িত্ব গ্রহণের পর খামেনি যুদ্ধ সবসময় সীমান্তের বাইরে রাখার কৌশল নেন। কিন্তু এবার তার হিসাব ভুল হয়েছে।

    তিনি মনে করিয়ে দেন, ১৯৮১ সালে খামেনি নিজেও একবার হত্যাচেষ্টার শিকার হন। সেই স্মৃতি হয়তো তাকে কিছুটা সাবধান করছে, কিন্তু বর্তমান হামলার মাত্রা ইরানের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

    প্রথম ধাক্কাটি আসে বৃহস্পতিবার গভীর রাতে, ইসরায়েলের প্রথম দফার হামলায়। ইরানি নেতৃত্ব তখন পুরোপুরি অবাক হয়ে পড়ে। এর আগে দেশজুড়ে অর্থনৈতিক দুরবস্থায় বিক্ষোভের শঙ্কা বাড়ছিল এবং ওমানে নতুন পারমাণবিক সংলাপ শুরু হওয়ার কথা ছিল।

    ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক হোলি ড্যাগরেস বলেন, ‘এই হামলা বহু বছরের জমে থাকা ক্ষোভকে জাগিয়ে তুলছে। অনেক ইরানিই ইসলামী প্রজাতন্ত্রের অবসান চায়, তবে তারা রক্তপাত ও যুদ্ধ চায় না।’

    ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের আভাস?

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলার ফলে ইরানে হয়তো শাসনব্যবস্থার পরিবর্তন আসতে পারে। তবে সেই পরিবর্তন আনতে হবে ইরানিদেরই।

    তিনি বলেন, ‘ইরানের বর্তমান শাসনব্যবস্থা খুব দুর্বল। ৮০ শতাংশ মানুষ এই ধর্মীয় স্বৈরাচারীদের সরিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, ইসরায়েল প্রয়োজনীয় সব কিছুই করবে। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও তারা থামবে না।

    এদিকে, ইরানের বিরোধী শক্তি এখনো বিভক্ত। দেশ ও প্রবাসে ছড়িয়ে থাকা এই আন্দোলনের অন্যতম মুখ রেজা পাহলাভি—সাবেক শাহর ছেলে—ইরানিদের উদ্দেশে বলেছেন, ‘শক্ত থাকুন, আমরা জিতব।’

    তবে এখনো কোনো বড় ধরনের গণবিক্ষোভ শুরু হয়নি। প্রবাসী পারসিয়ান চ্যানেলে কিছু প্রতিবাদী ভিডিও দেখা গেলেও বাস্তবতার প্রমাণ মিলছে না।

    আরাশ আজিজি সতর্ক করে বলেন, এই যুদ্ধ বা সংকট গণ-অভ্যুত্থানে রূপ নেবে এবং বাইরে থাকা কেউ এসে ক্ষমতায় বসবে—এমন কল্পনার বাস্তব ভিত্তি নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.