চার দিনের টানা হামলায় ইসরায়েলকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে ইরান। শক্তিশালী মিত্রদের ছায়ায় থাকা সত্ত্বেও, এই লড়াইয়ে ইরান দেখিয়েছে নজিরবিহীন সাহস। বিশ্বজুড়ে বিস্ময় ছড়িয়েছে এই লড়াই, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে কার্যত ভেঙে পড়েছে ‘অভেদ্য’ খ্যাত আয়রন ডোম।
প্রযুক্তিগতভাবে সর্বাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন ধরে যেকোনো বড় হামলার বিরুদ্ধে ইসরায়েলের ঢাল হিসেবে পরিচিত ছিল। কিন্তু ইরানের মিসাইল আক্রমণের মুখে এবার একের পর এক শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে ডজনের বেশি ক্ষেপণাস্ত্র, যার অনেকগুলোই লক্ষ্যভেদ করেছে সফলভাবে। এতে প্রশ্নের মুখে পড়েছে আয়রন ডোমের কার্যকারিতা।
ইসরায়েলিদের আস্থায় চিড়
গত তিন দিনের হামলার পর অনেক ইসরায়েলিই বলছেন, তারা আর আগের মতো আয়রন ডোমের ওপর আস্থা রাখতে পারছেন না। বিশেষ করে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে ভর করেছে হতাশা ও অনাস্থা।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য লোকাল কল-এর সম্পাদক মেরন র্যাপোপোর্ট আল জাজিরা-কে বলেন, “ইসরায়েলি সামরিক বাহিনী চাইলেও এটিকে পূর্বাভাসভিত্তিক হামলা হিসেবে দেখাতে, বাস্তবতা হলো অনেক বেশি ক্ষেপণাস্ত্র অভ্যন্তরে ঢুকে পড়েছে। কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছে ইরান। কিছু তথ্য হয়তো এখনো জনসমক্ষে আসেনি।”
অন্যদিকে হারেৎজ-এর সাংবাদিক গিদেওন লেভি বলেন, “এভাবে হামলা চলতে থাকলে শুধু আতঙ্ক নয়, যুদ্ধ শেষেও ইসরায়েলিরা নিজেরাই প্রশ্ন তুলবে—এই যুদ্ধের কোনো মূল্য আছে কি? আমরা কোথায় যাচ্ছি? এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে, এক গোলাবর্ষণ থেকে আরেক গোলাবর্ষণে?”
তিনি আরও বলেন, “গাজা বা লেবাননের তুলনায় এবারের পরিস্থিতি আলাদা। কারণ এবার বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। কয়েক দিন হয়তো সহ্য করা যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা অসম্ভব।”
ক্ষতির পরিমাণ ও স্বীকারোক্তি
ইসরায়েলের সরকার অবশ্য বলছে, তাদের বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো কার্যকর। তবে বাস্তবতা হলো—নিজ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, গত চার দিনে ইরান অন্তত ৩৭০টি ব্যালিস্টিক মিসাইল এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন ছুঁড়েছে ইসরায়েলের দিকে।
এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন ২৪ জন। আহত হয়েছেন আরও ৫৯২ জন।
বিশ্লেষকদের মতে, এবার ইরান কেবল শক্তি নয়, কৌশলগতভাবে হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করেছে, যা আয়রন ডোমকে ব্যর্থ করতে মুখ্য ভূমিকা রেখেছে।

