বর্তমান ইসরাইল-ইরান আঘাত পাল্টা আঘাতের ঝনঝনানিতে ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত হেনেছে। আলজাজিরার খবর মতে, এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
আজ মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চারটি স্থানে আঘাত হেনেছে। যার ফলে হার্জলিয়ায় একটি ৮ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল পড়ে উপকূলীয় শহরে একটি খালি বাসে আগুন লেগে যায়।
জরুরি পরিষেবার বরাত দিয়ে বলা হয়েছে, এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ জুন) রাতে তেলআবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপর দিকে যুদ্ধের ঢামাডোলে তেলআবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে।
এদিকে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এই পদে দায়িত্বপ্রাপ্ত হন।
আলজাজিরার মঙ্গলবারের (১৭ জুন) প্রতিবেদনে বলা হয়, তেহরানে হামলা করে আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারদের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
ইসরায়েল শাদমানিকে ইরানের “সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার” এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির “সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি” হিসেবে বর্ণনা করেছে। ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

