ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে ইসরায়েলি হামলায় তিন কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন- নিমা রেজবপুর, আইআরআইবির বার্তা সম্পাদক এবং মাসুমেহ আজিমি, আইআরআইবির সচিবালয় শাখার কর্মী।
গত সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়। এর ফলে আইআরআইবির সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ পর সম্প্রচার কার্যক্রম পুনরায় শুরু হয়।
হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও “অদৃশ্য হতে যাচ্ছে” বলে হুমকি দিয়েছিলেন। কাৎজ দাবি করেন, ইরানের প্রচারণা ও উসকানির মাধ্যম এই হামলার লক্ষ্য ছিল।
ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেন, তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, “ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুন, তাকে আঘাত করা হবে।”

